ফ্ল্যাট বিক্রি ৩৫% কম? ঢাকায় ফ্ল্যাট-জমি এখন কিনবো নাকি না
দুই বছরে ফ্ল্যাট রেজিস্ট্রেশন কম: ২০২৩-এ প্রায় ১.৪৬ লাখ, ২০২৫-এ প্রায় ১.০৪ লাখ, রেজিস্ট্রেশন অধিদপ্তরের বরাতে মানবজমিনের রিপোর্ট। ভাইরাল "৩৫%" ডেভেলপারদের আন্দাজ
হুবহু ৩৫% প্রথম ছাপা হয়েছিল ডিসেম্বর ২০২৪-এ, প্রায় ২৫টা ডেভেলপারের কথা থেকে। রেজিস্ট্রেশনের হিসাবে বিক্রি কমেছে, আর ২ কোটির ফ্ল্যাটে ১২% সুদের কিস্তি ভাড়ার ৩ থেকে ৪ গুণ। অথচ দেশের বাড়িভাড়া সূচক বাড়ছে, মানে ঢাকা খালি হচ্ছে না, কেনাবেচা থেমেছে। ভাড়া থেকে আয় ২ থেকে ৫%, সঞ্চয়পত্র এখন প্রায় ১১.৮%। গ্রামের ধানি জমির জন্য এপ্রিল ২০২৬-এর কৃষিজমি সুরক্ষা আইন নতুন ঝুঁকি। থাকার জন্য কেনা আর বিনিয়োগের জন্য কেনা আলাদা হিসাব।
পুরো হিসাবটা পড়ুন
ফেসবুকে ঘুরছে "এক বছরে ফ্ল্যাট বিক্রি ৩৫% কম"। তাহলে ঢাকায় এখন ফ্ল্যাট বা জমি কেনা কি যুক্তির? ছোট উত্তর: ৩৫% আসলে ডেভেলপারদের আন্দাজ। রেজিস্ট্রেশনের হিসাবে বিক্রি কমেছে, কিন্তু দাম আটকে আছে আর ভাড়া কমার খবর নাই। কেনার আগে আপনার উদ্দেশ্য ঠিক করা দরকার।
এক নজরে মূল সংখ্যা
- প্রায় ২৯%দুই বছরে ফ্ল্যাট রেজিস্ট্রেশন কম: ২০২৩-এ প্রায় ১.৪৬ লাখ, ২০২৫-এ প্রায় ১.০৪ লাখ (রেজিস্ট্রেশন অধিদপ্তরের বরাতে মানবজমিন)
- ৬০%-এর বেশি২,০০০ বর্গফুটের বেশি আর আড়াই কোটির বেশি দামের ফ্ল্যাটে বিক্রি কমেছে (ডেইলি স্টার)
- ১৩%-এর বেশিফ্ল্যাট বা জমি রেজিস্ট্রি করতে দামের কত যায়, রিহ্যাবের দাবি অনুযায়ী
- ২ থেকে ৩%বসুন্ধরায় আড়াই কোটির ফ্ল্যাটে ভাড়া থেকে বছরে আয়, দামের হিসাবে
- প্রায় ১১.৮%সঞ্চয়পত্রের মুনাফা এখন (ভিডিওতে "১০%-এর একটু বেশি" বলা হয়েছিল, সংশোধিত)
৩৫% কোথা থেকে এলো, আর নতুন আইন
হুবহু এই ৩৫% প্রথম ছাপা হয়েছিল ডিসেম্বর ২০২৪-এ, রিহ্যাব মেলায় প্রায় ২৫টা ডেভেলপারের সাথে কথা বলে। এবারও সোর্স "ব্যবসায়ীদের হিসাব", সরকারি সংখ্যা না।
গ্রামের জমির বেলায় নতুন আইন আছে। ৯ এপ্রিল ২০২৬-এ পাস হয়েছে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা আইন। কৃষিজমির অকৃষি ব্যবহার মোট কৃষিজমির ১০%-এ সীমা। সুরক্ষিত কৃষিজমিতে হাউজিং প্রজেক্ট অপরাধ। বিধিমালা আর জোনিং ম্যাপ এখনো আসার বাকি।
খরচের হিসাব
- আড়াই কোটির ফ্ল্যাটে রেজিস্ট্রেশনেই ৩২ লাখ টাকার বেশি যায়।
- ২ কোটি টাকা লোন, ১২% সুদ, ২৫ বছর: মাসে কিস্তি প্রায় ২ লাখ ১০ হাজার। অথচ ওই রকম ফ্ল্যাটের ভাড়া ৪০ থেকে ৬০ হাজার। কিস্তি ভাড়ার ৩ থেকে ৪ গুণ (আমার হিসাব)।
- উত্তরায় ভাড়া থেকে আয় প্রায় ৫%, মিরপুরে প্রায় ৪.৫%, বসুন্ধরায় ২.৫ থেকে ৪%, গুলশানে ২ থেকে ২.৫%। লিস্টিংয়ের চাওয়া দাম ধরে, আসল বিক্রির দাম না।
- গুলশানে ফ্ল্যাট প্রতি বর্গফুট ১৫ থেকে ৩০ হাজার, বসুন্ধরায় গড়ে প্রায় ১০ হাজার, উত্তরা আর মিরপুরে ৫ থেকে ১০ হাজার।
- শুধু আয়ের হিসাবে সঞ্চয়পত্র ফ্ল্যাটের ভাড়া-আয়ের কয়েক গুণ দেয়। ফ্ল্যাটের লাভ আসে দাম বাড়লে, তাই কেনা মানে ভবিষ্যতের দামের ওপর বাজি।
কেনার আগে ধাপগুলো
- নিজেকে জিজ্ঞেস করুন: আমি কি এখানে থাকবো, নাকি শুধু দাম বাড়ার আশায় কিনছি?
- আগামী ১০ বছর এই এলাকায় থাকার প্ল্যান আছে কিনা, আর কাজ, স্কুল, হাসপাতাল যুক্তিসঙ্গত সময়ে যাওয়া যায় কিনা। মেট্রো বা ভালো রাস্তা আসলেই আছে, নাকি শুধু প্ল্যানে।
- টাকাটা ১০ বছর আটকে থাকলেও চলবে কিনা।
- কাগজ নিজে চেক করুন: দলিল, নামজারি, খাজনা, ডেভেলপারের সাথে জমির মালিকের চুক্তি। দরকারে উকিল দিয়ে।
যেটা ভালো
- বাড়িভাড়া সূচক টানা তিন কোয়ার্টার বেড়েছে, ঢাকা খালি হওয়ার কোনো লক্ষণ আমি পাইনি
- যেখানে মেট্রো চলে আর মানুষ থাকে, যেমন উত্তরা, সেখানে ভাড়া থেকে আয় বেশি
- জাপান, কোরিয়া আর সান ফ্রান্সিসকোতে কাজ ছড়ালে কেন্দ্র মরেনি, মরেছে মাঝখান
- থাকার জন্য কেনা আলাদা হিসাব: বাসা বদলের ঝামেলা, ভাড়া বাড়ানোর নোটিশ নাই
যেটা খেয়াল রাখবেন
- ভাইরাল ৩৫% ডেভেলপারদের আন্দাজ, সরকারি সংখ্যা না
- লোনের কিস্তি ভাড়ার ৩ থেকে ৪ গুণ
- পূর্বাচলে অনেকে প্লট কিনেছেন কিন্তু বাড়ি বানাননি, আর বরাদ্দ নিয়ে আদালতের রায় আছে
- গ্রামের ধানি জমি "পরে প্লট বানিয়ে বেচবো" প্ল্যান এখন নতুন আইনের সামনে
শেষ কথা: ঢাকা খালি হচ্ছে না, থেমে গেছে কেনাবেচা। থাকার জন্য কেনা আর বিনিয়োগের জন্য কেনা, দুইটা আলাদা হিসাব। এটা কোনো বিনিয়োগ পরামর্শ না, দামগুলো বেশিরভাগ লিস্টিংয়ের চাওয়া দাম।